জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গত ১০ মে রাতে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং নানা উৎসব-আয়োজন দেখা যায়। এরই ধারাবাহিকতায় এবার রাজধানী ও বিভিন্ন স্থানে গরু-ছাগল জবাই করে আনন্দ প্রকাশ করা হয়েছে।
\r\nসোমবার (১২ মে) দুপুরে ঢাকার শাহবাগে জাতীয় পর্যায়ের একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করেন।
\r\nআয়োজকরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার খুশিতে তারা এই আয়োজন করেছেন। এতে শুধু জবাই নয়, খাবার, গান-বাজনা ও সমাবেশের আয়োজনও করা হয়েছে।
\r\nএর আগে ১০ মে রাতেই অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে শাহবাগে জিয়াফতের আয়োজন হবে।” পরে সোমবার দুপুরে আরেকটি পোস্টে তিনি জানান, সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে ভরপুর।
\r\nএদিকে, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজ বাড়ির গোয়ালের একটি গরু জবাই করে এলাকাবাসীর জন্য বিরিয়ানি রান্নার আয়োজন করেছেন। রোববার (১১ মে) বিকেলে পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে অবস্থিত মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামি মাদরাসার সামনে এ আয়োজন করা হয়।





