বাগেরহাট প্রতিনিধি: ‘যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী—যারা শুধু বাধ্য হয়ে মিছিল বা সভা-সমাবেশে অংশ নিয়েছে, কিন্তু কারও ক্ষতি করেনি বা মিথ্যা মামলা দেয়নি—তাদের প্রতি সহানুভূতিশীল হোন, বুকে টেনে নিন।’
বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভা, গণসংযোগ ও বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
তিনি বলেন, “হাসপাতালে গিয়ে এ দেশের মুসলমানদের প্রিয় আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ দিয়ে হত্যা করা হয়েছিল। অথচ সেই জামায়াত পরে আওয়ামী লীগের ঘরে ঘরে গিয়ে বলছে বিএনপি মেরেছে, আমরা ঠেকাচ্ছি। কিন্তু বাস্তবে তারাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। এখন তারা ভোটের আশায় হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় অংশ নিচ্ছে, গীতা পাঠ করছে, মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছে, প্রসাদ খাচ্ছে—সবই ভোটের জন্য।”
সৈয়দ নাসির আহমেদ মালেক আরও বলেন, “যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল বা জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপস নয়। কিন্তু যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছে বা বাধ্য হয়ে অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল হতে হবে। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলুন—বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে, সেই দায়িত্ব আমরা নিচ্ছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোহাম্মদ রোজিনা খাতুনসহ স্থানীয় নেতাকর্মীরা।





