মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব প্রতিফলিত করে মার্চ মাসের জন্য জেট ফুয়েলের (জেট এ-১) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ২৯ পয়সা বেড়ে নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা, যা গত মাসে ছিল ৯৫ টাকা ১২ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৬২৫৭ ডলার থেকে বেড়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারিত হয়েছে।


বিইআরসি জানিয়েছে, নতুন দাম ৮ মার্চ রাত ১২টা থেকে কার্যকর হবে। কমিশন জানায়, দাম বৃদ্ধির এই সমন্বয় করা হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের মধ্যে প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের প্রভাব বিবেচনা করে।


ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তখন লিটার প্রতি ০.৬২৪৬ ডলার থেকে বেড়ে ০.৬২৫৭ ডলারে দাম নির্ধারণ করা হয়েছিল।


বিইআরসি আরও জানিয়েছে, জেট এ-১ এর নতুন মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ আদেশও প্রকাশিত হবে।