অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের কোবারের এন্ডেভার খনিতে মঙ্গলবার ভোরে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এ ধরনের ঘটনা দেশটিতে প্রথম।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী একজন পুরুষ এবং ২০ বছর বয়সী দুই নারীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান, আর দ্বিতীয় নারীকে বিমানযোগে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।
এন্ডেভার খনিটি ২০২৩ সালে পলিমেটালস রিসোর্সেস কিনে নিয়েছে। কোম্পানি জানিয়েছে, বিস্ফোরণের পরে খনির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি। কোম্পানির নির্বাহী চেয়ারম্যান ডেভ স্প্রাউল বলেছেন, “আমরা এই মর্মান্তিক ঘটনায় হতবাক এবং দুঃখিত। আমাদের সমবেদনা কর্মীদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি।”
অস্ট্রেলিয়ায় খনি বিস্ফোরণে মৃত্যুর ঘটনা বিরল। সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যু ঘটে ২০১৫ সালে কুইন্সল্যান্ডে। কোবারের মেয়র জ্যারড মার্সডেন বলেছেন, “খনি শ্রমিকরা সবসময় সবচেয়ে মূল্যবান। দুটি পরিবার এখন তাদের প্রিয়জনদের হারিয়েছে।”
এন্ডেভার খনিটি ১৯৮২ থেকে ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কার্যক্রম চালাচ্ছিল। নতুন মালিকরা এই বছর রুপা, দস্তা এবং সিসা ধাতু উৎপাদনের জন্য খনি পুনরায় চালু করার প্রক্রিয়ায় ছিলেন।





