ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছিলেন বাম ছাত্র সংগঠন সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। তবে হঠাৎ অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতেই তার এপেন্ডিক্সের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি জানান, শারীরিক অবস্থা দ্রুত খারাপের দিকে যাওয়ায় চিকিৎসকরা আর দেরি করতে রাজি নন।

মেঘমল্লার বসু লেখেন, “যে ভয়টা পাচ্ছিলাম, সেটাই সত্যি হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সরল অপারেশন, তবে অবস্থা নাকি ইতিমধ্যে বেশ খারাপ। তাই ডাক্তার সময় নিচ্ছেন না। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক শত্রু-মিত্র সবার দোয়া, আশীর্বাদ চাই।”

ডাকসু নির্বাচনের প্রচারণা মাঠে রেখে হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ায় তার কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থীও।