ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন অমর একুশে হল সংসদের এজিএস পদপ্রার্থী অর্ক। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা রিকশাযোগে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। প্রতিটি হল সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে ভোটারদের এবার ৪১টি ভোট দিতে হচ্ছে।
এবারের নির্বাচনে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভিপি, জিএস ও এজিএসসহ গুরুত্বপূর্ণ পদে ছাত্রদল, ছাত্রশিবির, বাগছাস, বাম জোট, ছাত্র অধিকার পরিষদ ও স্বতন্ত্র জোটের প্রার্থীরা লড়াই করছেন। বিভিন্ন প্যানেলের মধ্যে রয়েছে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের উপস্থিতি, যা ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।





