বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অভিজ্ঞতার অভাব ও সমন্বয়হীনতার কারণে বর্তমান সরকার ক্রমাগত বিতর্কে জড়িয়ে পড়ছে। একটি নির্বাচিত সরকার না থাকায় রাষ্ট্রীয় সংকটগুলোতে তারা দায়িত্ব এড়াতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন গয়েশ্বর।
তিনি বলেন, “সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। যেহেতু এই সরকার নির্বাচিত নয়, তাই তারা কোনো দায় নিচ্ছে না। নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার ততই প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনৈতিক ও সামাজিক সংকট আরও বাড়বে।”
বিমান দুর্ঘটনার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুর্ঘটনার চারদিন পার হলেও এখনো বিমানবাহিনী কোনো দায় স্বীকার করেনি। একটি শিশু শিক্ষার্থী মারা গেছে, অথচ এখনো আমরা কোনো জবাব পাচ্ছি না। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”
গয়েশ্বর চন্দ্র রায় এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি নিহত আনিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।





