ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি দেশে ফিরেছেন।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সিলেটে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে তার ফ্লাইট।

বুধবার রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। একই ফ্লাইটে দেশে আসছেন দলের প্রায় ৫০ জন নেতাকর্মী।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার মুহূর্তে বিমানবন্দরে পৌঁছেছে তার জন্য বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছু পরে গাড়িটি বিমানবন্দরে আসে। এই গাড়িতে তিনি বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাবেন এবং যাতায়াত করবেন।

বিএনপি সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে তিনি সড়কপথে কুড়িল এলাকায় নির্মিত ৩০০ ফিট এলাকা সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। সংবর্ধনা মঞ্চ থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা অবস্থান করবেন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে। এরপর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন (ফিরোজা) ফিরবেন।