ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অভিযান চলমান, এবং ‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়নি। পাশাপাশি তিনি দাবি করেছেন, ভারত ইতোমধ্যেই পাকিস্তানের অভ্যন্তরে তিনবার আঘাত করেছে।
\r\nবৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক নির্বাচনী জনসভায় ভাষণকালে মোদি বলেন, “যারা সন্ত্রাসবাদকে মদদ দেয়, তাদের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।”
\r\nসম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সশস্ত্র বাহিনী ভারতীয় নারীদের মর্যাদার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া সন্ত্রাসীদের দুঃসাহসের উপযুক্ত জবাব দিয়েছে।”
\r\nপ্রধানমন্ত্রী মোদি বলেন, “এই বাংলার মাটি থেকে আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ঘোষণা করছি—অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি।”
\r\nতিনি আরও বলেন, “পহেলগামের হামলার পর পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সন্ত্রাসীরা আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী তাদের সেই সিঁদুরের শক্তি অনুভব করিয়ে দিয়েছে।”
\r\nসন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে মোদি বলেন, “পহেলগাম হামলার পর ভারত স্পষ্ট করে দিয়েছে, আমাদের ওপর যদি আবার সন্ত্রাসী হামলা হয়, তাহলে তার কঠিন মূল্য শত্রুকে দিতে হবে। আমরা পাকিস্তানের ভেতরে ঢুকে ইতোমধ্যেই তিনবার আঘাত করেছি।”
\r\nমোদি তার বক্তব্যে পাকিস্তানকে নাম না করে কড়া বার্তা দিয়েছেন, যদিও বিষয়টি নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





