সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান চলাকালে এখন পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি সারাদেশ থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল এবং ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সরকার এই বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ‘ফ্যাসিস্টদের’ দমনের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী সেদিন রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অভিযান শুরু করে।





