গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬৬৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় সারাদেশ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ২৬ হাজার ৮৮১টি মোটরসাইকেল এবং ২৬ হাজার ৫৭৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৪২টি অবৈধ মোটরসাইকেলও আটক করা হয়।


উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর গত সপ্তাহের শনিবার আইনশৃঙ্খলাবিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ‘ফ্যাসিস্টদের’ দমনসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে অভিযান শুরু করে।