ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, মসজিদকে আমরা পবিত্র স্থান মনে করি, কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা মসজিদের পরিবেশ নষ্ট করে সেখানে অপরাজনীতি চালাচ্ছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি। মিলাদ মাহফিলটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া উপলক্ষে অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
রাকিব বলেন, “মসজিদে ফজরের নামাজের পর কিছু মানুষ রাজনৈতিক বৈঠক করছে, কাকে কীভাবে গালাগাল করতে হবে তা শিখাচ্ছে। আমরা যারা প্রকৃত ইসলাম পালন করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে কেউ যেন মসজিদের পবিত্রতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্রদল তাদের ভুলবে না। তাদের আত্মার মাগফিরাত কামনায় ও মাইলস্টোন দুর্ঘটনায় আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনায় আমরা দোয়া করছি।”
দোয়া মাহফিলে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দোয়া মাহফিল। এর মধ্যে মাইলস্টোন কলেজে ভয়াবহ দুর্ঘটনায় ৩২ জন শহীদ হয়েছেন। আমরা তাদের জন্যও দোয়া করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার এখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, “জুলাইয়ের গণহত্যায় জড়িতদের বিচার এখনও শুরু হয়নি। যেসব শিক্ষক-কর্মকর্তা গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।”
ছাত্রদল নেতারা দোষীদের বিচারের দাবি জানান এবং পবিত্র মসজিদের পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।





