বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সফল হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

\r\n

ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপি মনে করে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. ইউনূস সফল হবেন, কারণ দেশের মানুষ তার পাশে আছে। তবে যাঁরা তাকে ঘিরে বিতর্ক তৈরি করছেন, এখনই সময় থামার। রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বানানোর চেষ্টায় লাভ নেই।”

\r\n

তিনি উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের প্রতি কড়া সমালোচনা করে বলেন, “আপনারা যা খুশি তাই করছেন, যেন এটি আপনাদের পৈতৃক সম্পত্তি। জনগণের মতামত যেন কোনো গুরুত্বই রাখে না। এসব সিদ্ধান্তে ড. ইউনূসকে দায়ী করা হচ্ছে, যা একধরনের অন্যায়।”

\r\n

উপদেষ্টাদের অতীত আচরণের প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, “বয়ান দেওয়ার চেষ্টা করছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট নাকি ইতিহাসের নতুন অধ্যায়। অথচ ১৯৪৭ না হলে ’৭১ আসত না, আর ’৭১ না হলে আজকের এই সুযোগ পেতেন না। ইতিহাসের ধারাবাহিকতা অস্বীকার করা ভুল।”

\r\n

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এককভাবে সবকিছু করতে যান, আপনাদের পরিণতি পতিত স্বৈরাচারের মতোই হবে।”

\r\n

আলোচনায় ড. ইউনূসের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস নিজ মুখে কিছু বলেননি। কখনো প্রেস সেক্রেটারি, কখনো উপদেষ্টা বা সহকারী কিছু বলে, পরে আবার ডিলিট করে দেয়। এটা যেন ‘মগের মুল্লুক’। এটা চলতে পারে না।”

\r\n

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে জাহিদ হোসেন বলেন, “আপনারা উপদেষ্টাদের বিরুদ্ধে আন্দোলনের কারণ তৈরি করছেন। আদালতের রায় পছন্দ হলে খুশি হন, বিপক্ষে গেলে ফেসবুকে স্ট্যাটাস দেন—এটা শেখ হাসিনার মানসিকতা।”

\r\n

তিনি আরও বলেন, “আপনারা মনে করেন সরকার আপনাদের। কিন্তু, ক্ষমতা দেখিয়ে যারা চলেছে, ইতিহাসে তারা টেকেনি। আন্দোলন-সংগ্রামে সবসময় ছাত্র-জনতা থাকে, তারাই নেতৃত্ব দেয়। এখন সেটি উল্টো হয়ে গেছে।”

\r\n

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “সেনাবাহিনী আমাদের গর্ব। জুলাই-আগস্টে তারা তা প্রমাণ করেছে। তাদের বিতর্কিত করার চেষ্টা করলে, নিজেরাই বিতর্কিত হয়ে যাবেন।”

\r\n

সভায় সভাপতিত্ব করেন অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিন। বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

\r\n

সভায় বক্তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, নির্বাচন ও রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানান।