অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলে আবারও আশ্বস্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের প্রচারণার অংশ হিসেবে ভোলায় এই ভোটের গাড়ির যাত্রা শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়াই আমাদের লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এ অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয়।”


তিনি আরও বলেন, “এবার জনগণের দায়িত্ব দুটি। এক, তারা কী পরিবর্তন চান বা চান না, সে বিষয়ে মতামত দেওয়া। দুই, জনপ্রতিনিধি নির্বাচন করা।”


তৌহিদ হোসেন বলেন, “দেশ অনেকটাই স্বাভাবিক পথ থেকে সরে গিয়েছিল। সেটিকে আবার সঠিক ধারায় ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য ছিল। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ জনগণের অধিকার হরণ করতে না পারে, সে জন্য একটি সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।”


ভোটের গাড়ি প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি প্রতীকী উদ্যোগ। এটি মানুষকে মনে করিয়ে দেবে যে আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন চাই। এই গাড়ি ঘরে ঘরে গিয়ে নির্বাচন ও গণভোটের তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।


আয়োজকরা জানান, এমন ১০টি ভোটের গাড়ি পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় প্রচারণা চালাবে।