মো: জাফর আলী, নাটোর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলীর পক্ষে নলডাঙ্গা পৌরসভায় বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা ফেব্রুয়ারি) বেলা ১১টায় নলডাঙ্গা পৌর মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই পথযাত্রায় প্রায় তিন শতাধিক মহিলা নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
পথযাত্রাটি পৌরসভার মহিলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের সমর্থন জানান।
পথযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় মহিলা জামায়াতের নেত্রীরা বলেন, আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছি। নির্বাচনী প্রচারণায় আমরা সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ চায় বাংলাদেশ একটি নতুন ও আদর্শ রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হোক।
বক্তারা আরও বলেন, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা জরুরি। কোনো ধরনের সন্ত্রাস, কারচুপি বা অনিয়ম যেন না ঘটে—এ বিষয়ে তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক মোছাঃ মোস্তাজিয়া বানু, নলডাঙ্গা উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা মোছাঃ রোকেয়া বেগম, নাটোর সদর উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মোছাঃ নাইমা ইসলাম, নলডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোছাঃ হালিমা বেগম, সহকারী সেক্রেটারি মোছাঃ বেদেনা খাতুন, নলডাঙ্গা পৌরসভার সভানেত্রী মোছাঃ শিল্পি খাতুন, ছাত্রী সংস্থার নেত্রী লিমা খাতুন, আছিয়া খাতুন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ শাহনাজ খাতুন, সোহেলী সুলতানা, সানজিদা, জাহেদা বেগমসহ উপজেলা ও পৌরসভার মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার বিপুল সংখ্যক নেতাকর্মী।
এই পথযাত্রাকে কেন্দ্র করে নলডাঙ্গা পৌর এলাকায় নির্বাচনী আমেজ আরও জোরালো হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।





