মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের অবমাননা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীকে এখনও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে সেনাবাহিনী নিজস্ব প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত রয়েছে।
গুম কমিশনের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও করবে উল্লেখ করে তিনি বলেন, সহযোগিতা করা হচ্ছে না—এমন কথা সম্পূর্ণ গুজব।
\r\nমিয়ানমার সীমান্তে জেলেদের ধরে নিয়ে যাওয়া বা সেনা ও বিজিবি ক্যাম্প নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনাগুলোও সতর্কভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।
রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
কর্নেল শফিকুল ইসলাম আরও বলেন, জনগণের জন্য কাজ করার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে বিরূপ প্রচারণা চালানো দুঃখজনক। তবে অনেকে সেনাবাহিনীর পক্ষে কথা বলছেন, যা ইতিবাচক দিক।





