দীর্ঘ পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, \"বিশ্ববিদ্যালয়সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। বিশেষত, ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।\"
পোস্টে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আগেও আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অবস্থান পরিষ্কার করা হয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে চলেছে। এসব গুজব নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।
সেনাবাহিনী আশা প্রকাশ করে, বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
বিজ্ঞপ্তির শেষাংশে সেনাবাহিনীর পক্ষ থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়।





