ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের সব ভোট শিবিরকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তার দাবি, ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো সম্পর্ক বজায় রেখেছে ছাত্রলীগ। মঙ্গলবার এক টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. রিপন বলেন, “ছাত্রলীগ এখন নিষিদ্ধ। কিন্তু তাদের সঙ্গে শিবিরের অনেকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পুরনো বন্ধুত্ব ছিল। স্বাভাবিকভাবে সেই সম্পর্কের প্রভাব ভোটেও পড়েছে।”
তিনি আরও জানান, শিবির অতীতে ছাত্রলীগের নাম ব্যবহার করেছে, তাদের পদে থেকেছে, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে ছবি তুলেছে এবং ছাত্রলীগের নেতাদের সঙ্গেও ছবি প্রকাশ করেছে। এসব প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে এবং শিবির তা অস্বীকার করতে পারেনি বলেও দাবি করেন তিনি।
বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিএনপিকে মূল প্রতিদ্বন্দ্বী মনে করে শিবিরকে সহায়তা দিচ্ছে। তার ভাষায়, “ছাত্রলীগের সঙ্গে শিবিরের দীর্ঘদিনের একটি গোপন সম্পর্ক ছিল। এখন ছাত্রলীগের ভোট দেওয়ার সুযোগ না থাকায় তারা শিবিরকে সাহায্য করছে। কারণ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসতে পারে—এই শঙ্কায় আওয়ামী লীগ সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপিকেই ঠেকাতে চাইছে।”





