আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত হবে। এতে গণহত্যাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ থাকবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান এবং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচন (নবম থেকে দ্বাদশ)-এর তথ্যও পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে। যুক্ত করা ছবিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে, শেখ হাসিনার নাম গণহত্যাকারী হিসেবে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে।





