বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,“আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন, তাদের বলব—রাজনীতির মাঠে আসুন। আপনারা যা বিশ্বাস করেন, তা নিয়ে জনগণের কাছে যান। আমরা ৩১ দফা নিয়ে জনগণের সামনে এসেছি। আপনারাও আপনাদের প্রস্তাব দিন। মনে রাখবেন, জনগণই শেষ কথা বলে এবং তারা কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না।”

বুধবার (৬ আগস্ট) কুমিল্লা মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত 'বিজয় র‌্যালি' পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচি ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়।

প্রধান উপদেষ্টার ঘোষিত ২৮ দফা প্রস্তাবনার প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, “ঘোষিত ২৮ দফার মধ্যে বিএনপির কিছু আপত্তি থাকলেও বৃহত্তর স্বার্থে আমরা একে সাধুবাদ জানাই। আশা করি, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে।”

বক্তব্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন,  “গত চারটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে জুলাই অভ্যুত্থানের পর জনগণ বুকভরা আশা নিয়ে অপেক্ষা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।”

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র‌্যালি কুমিল্লা নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষ হয়।