জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদুল আলম সবুজ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জয়পুরহাট জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন প্রার্থীর পিতা বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশীদ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আসলাম হোসাইন, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দীপু, কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আলীম, ক্ষেতলাল উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন মন্ডল, অধ্যাপক আজিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা সেক্রেটারি শিহাব উদ্দিন প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন উত্তোলনের পর এক প্রতিক্রিয়ায় রাশেদুল আলম সবুজ বলেন, “এ দেশের জনগণ বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চায়। ১৯৭১ সালে মানুষ রক্ত দিয়েছে, আর ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতা জীবন দিয়েছে। তবুও আজও বৈষম্য দূর হয়নি। জামায়াতে ইসলামী এই বৈষম্য ও ফ্যাসিবাদ দূর করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, “জয়পুরহাট-২ আসনের সর্বস্তরের জনগণ আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি তার যথাযথ মর্যাদা দিতে চাই। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি সব সময় জনগণের পাশে থেকে কাজ করব।”
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী হবেন।





