জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, “বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরা, অন্তর্বর্তী সরকার নয়। সেটিই স্বাভাবিক এবং এজন্যই এর নাম ‘অন্তর্বর্তী’ সরকার।”

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সংলাপে সাংবাদিকদের উদ্দেশে ড. রীয়াজ বলেন, “আমি বিস্ময়ের সঙ্গে জানতে চাই—গত ১৬ বছর ধরে আপনারা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, সেই অভিজ্ঞতার আলোকে সাংবাদিক ইউনিয়ন বা সাংবাদিক সমাজ সিভিল সোসাইটিকে সঙ্গে নিয়ে এমন একটি কাঠামো তৈরি করেননি কেন, যারা এই সময়কাল পর্যালোচনা করতে পারতেন?”

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, কিন্তু কিছু কাঠামোগত ও রাজনৈতিক বাধার কারণে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।”

দেশে রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “বিশ্বজুড়েই কর্তৃত্ববাদী শাসন থেকে গণতন্ত্রে উত্তরণের সময় নতুন সামাজিক শক্তির উত্থান ঘটে, যারা মাঝে মাঝে সংঘাতে জড়িয়ে পড়ে, যা কখনো সহিংসতায় রূপ নেয়। আমাদের দেশেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।”

অনুষ্ঠানে মূল আলোচনায় অংশ নেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট এবং টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান।

এছাড়া আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের এডিটর-ইন-চিফ রেজাওয়ানুল হক রাজা, সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং ফ্রিলান্স সাংবাদিক কাজী জেসিন প্রমুখ।