খুলনা প্রতিনিধি : যুবকদের মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশা আজকের সমাজে একটি বাস্তবতা ও গুরুত্বপূর্ণ সমস্যা। ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করা খুবই স্বাভাবিক—প্রায় সবাই কোনো না কোনো সময় এটা অনুভব করে।

যুবক-যুবতীদের ক্যারিয়ার সংক্রান্ত দুশ্চিন্তা হতাশা দূর করতে ও সঠিক দিকনির্দেশনা দিতে লিও ক্লাব অব খুলনা গতকাল ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে “ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার: সুযোগ ও পথচলা” শীর্ষক একটি বিশেষ সেশন আয়োজন করে। সেশনটি বিকাল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত খুলনার কেডিএ এভিনিউ–স্থিত লায়ন্স আই হসপিটালে অনুষ্ঠিত হয়।

সেশনে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সেফগার্ড স্পেশালিস্ট, UNDP, খুলনা। তিনি ডেভেলপমেন্ট সেক্টরে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থী ও তরুণ স্বেচ্ছাসেবকদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা, সুযোগ ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তা ডেভেলপমেন্ট সেক্টরের বিভিন্ন ক্ষেত্র—যেমন মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, স্বাস্থ্য ও সরকারি–বেসরকারি উন্নয়ন সংস্থার কাজ—সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডেভেলপমেন্ট সেক্টরে সফল হতে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যার সমাধান, তথ্য বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া তিনি UNDP–সহ আন্তর্জাতিক সংস্থায় কাজের সুযোগ, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা অর্জনের বাস্তব উপায় নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।

সেশনটিতে খুলনার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আয়োজক কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের জন্য কলম, নোটপ্যাড, সার্টিফিকেট এবং নাস্তার ব্যবস্থা করে।

ইভেন্টে অংশগ্রহণকারী কিছু শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান যে এই সেশন থেকে তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছে যা তাদের ক্যারিয়ারকে সুন্দর ও সুশৃঙ্খল করতে সহায়তা করবে। এছাড়াও ও অংশগ্ৰহনকারীরা এমন সেশন যেন আরোও আয়োজন করা হয় সে প্রস্তাব ব্যক্ত করেন।

সেশনটি তরুণ যুবক-যুবতী অংশগ্রহণকারীদের মধ্যে উন্নয়ন সেক্টর সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করবে এবং ভবিষ্যতের ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করবে এই আশা ব্যক্ত করা যায়।