কোনো অবস্থাতেই জনগণের সিদ্ধান্ত নিজেদের হাতে নেওয়ার চেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, “সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অধিকারহারা জনগণ তাদের অধিকার ফিরে পাবে—এটা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে তাদের সেবা করার জন্য কাকে দায়িত্ব দেবে। কোনো অবস্থাতেই সেই সিদ্ধান্ত নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করবেন না। জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “জনগণের ওপর আস্থা রাখুন। অতীত প্রমাণ করে দিয়েছে—স্বৈরাচারী মনোভাব ও জনগণের প্রতি আস্থাহীনতার পরিণতি কী হয়। যা অন্যায়, অত্যাচার ও অবিচার হয়েছে, তা প্রচলিত আইনের মাধ্যমেই বিচার হবে।”
‘মব জাস্টিস’-এর বিরুদ্ধেও কড়া অবস্থান জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, “বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এতে শান্তি আসবে না, বরং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।”
ডা. জাহিদ হোসেন বিএনপির সদস্য সংগ্রহ প্রসঙ্গে বলেন, “অন্য দল বা আদর্শে বিশ্বাসী, যারা বিএনপির আন্দোলন সংগ্রামে বাধা দিয়েছেন—তাদের সদস্যপদ না দিতে হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





