২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন শেষে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তারা শাহবাগ অবরোধ তুলে নেন।
এর আগে দুপুর ১২টার মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম শেষ হলে শিক্ষকরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে যান। দুপুর ২টার দিকে পুলিশের বেড়িকেড ভেঙে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
গত মঙ্গলবার রাতে শিক্ষকরা এই কর্মসূচির ঘোষণা দেন। রোববার থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি—বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং শিক্ষক ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ নির্ধারণ করা।
রোববার প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষক নেতাদের ছত্রভঙ্গ করে। এরপর দেশজুড়ে শিক্ষকরা বিক্ষোভে যোগ দেন এবং কর্মবিরতির ঘোষণা দেন।
বর্তমানে প্রাথমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষকরা মাসে সাড়ে ১২ হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা শিক্ষকরা “প্রহসন” আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন।
দেশজুড়ে এখন ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭০ হাজার কর্মচারী কর্মরত।





