তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ ২৭ আগস্ট, বুধবার, পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। ফলে শাহবাগ এবং আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।


\r\n

আন্দোলনকারীদের দাবি, নবম গ্রেডের প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। কোটার মাধ্যমে বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করে কাউকে পদোন্নতি দেওয়া যাবে না বলেও তারা জানায়। একইসঙ্গে, দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদে বর্তমানে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ শতভাগ কোটা বাতিল করে তাতে উচ্চতর ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের পাশে ‘ইঞ্জিনিয়ার’ শব্দ ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


\r\n

এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা প্রথম শাহবাগ মোড়ে জড়ো হন। পরে তাদের সঙ্গে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যোগ দেন। সেদিন প্রায় সাড়ে চার ঘণ্টা সড়ক অবরোধের পর রাত ৮টার দিকে তারা শাহবাগ ত্যাগ করেন। একই দিনে রাজধানীর বনানীতে পোশাক শ্রমিক এবং গাবতলীর টেকনিক্যাল মোড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে নগরীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।


\r\n

আজ বুধবার ফের একই স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একজন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ গণমাধ্যমকে জানান, তারা দাবি আদায়ের লক্ষ্যেই শাহবাগ অবরোধ করেছেন এবং প্রয়োজনে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হতে পারে।


\r\n

টানা দ্বিতীয় দিনের এই অবরোধ কর্মসূচির ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।