ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বৃহৎ সমাবেশ।

\r\n

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শুরু হওয়া এই কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে অংশ নিতে আসতে দেখা গেছে হাজারো মানুষকে। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ বিভিন্ন পথ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন তারা। অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা দেখা যায়, সঙ্গে ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী নানা স্লোগান। অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হন।

\r\n

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও মিছিল নিয়ে যোগ দেন এই কর্মসূচিতে।

\r\n

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে টহল দিতে দেখা গেছে যৌথবাহিনীকে। কালো পতাকা হাতে আসা ব্যক্তিদের কাছ থেকে তা রেখে দিতে বলতেও দেখা গেছে সেনা সদস্যদের।

\r\n

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য—নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো এবং আন্তর্জাতিক মহলে জনমত গড়ে তোলা।

\r\n

সমাবেশের সমাপনী পর্বে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ একমঞ্চে উপস্থিত থাকবেন। ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর উপস্থিত থাকার কথাও জানা গেছে।