পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রোববার (২৫ জানুয়ারি) পাংজুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসব ঘটনা ঘটে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তীব্র গোলাগুলি হয়। এ সময় স্থানীয় কমান্ডার ফারুক ওরফে সোরোসহ আদিল ও ওয়াসিম নামে তিনজন নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, নিহতরা ‘ভারতীয় প্রক্সি’ হিসেবে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে। এলাকায় এ ধরনের আরও সদস্যের উপস্থিতির আশঙ্কায় অভিযান-পরবর্তী তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
আইএসপিআর বলেছে, ‘আজমে ইস্তেহকাম’ কৌশলের আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সন্ত্রাসবাদ দমনে অভিযান অব্যাহত রাখবে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র তৎপরতা বেড়েছে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব হামলার প্রভাব বেশি দেখা যাচ্ছে।
এর আগে, ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশজুড়ে ৭৫ হাজারের বেশি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে প্রায় আড়াই হাজারের বেশি সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়।





