জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুর বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। একইসঙ্গে তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির সামনে ফেলে যায় ‘কাফনের কাপড়’ ও একটি হুমকিমূলক চিরকুট। এতে লেখা ছিল, “প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”


শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি রোববার (১০ আগস্ট) নিশ্চিত করেছেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।


ভুক্তভোগী মিলু জানান, রাত সাড়ে ১১টায় বাসায় ফেরার কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত এক কণ্ঠে শোনা যায়, “বাইরে বের হয়ে দেখ।” বাইরে গিয়ে তিনি দেখেন, টিনের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ।


তিনি জানান, আতঙ্কে বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। স্থানীয় নৈশপ্রহরীসহ কয়েকজন ছুটে আসেন। পরে বাইরে গিয়ে তিনি একটি পলিথিন ব্যাগ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে এসে সেটি খুললে ভেতরে সাদা কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট পাওয়া যায়।


“বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভিজে থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। তবে এমন হুমকিতে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি,” বলেন মিলু।


চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান থাকায় এর পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে তিনি ইঙ্গিত করেন।


এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের নেতাদের এভাবে হুমকি দিচ্ছে। এটি প্রমাণ করে প্রশাসন ব্যর্থ হয়েছে। আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করব।”


এ বিষয়ে মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”


ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।