কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি)-তে পাকিস্তানের ভারী গোলাবর্ষণে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) রাতে আহত হওয়ার পর শুক্রবার সকালে মৃত্যু হয় ওই সেনার। নিহত সেনাসদস্যের নাম এম মুরলি নায়েক (২৭), যিনি অন্ধ্র প্রদেশের শ্রী সত্য সাঁই জেলার বাসিন্দা ছিলেন।
\r\nতার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। নিহত মুরলিকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।
\r\nএদিকে, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘাতে ভারতের অন্তত ২৫ থেকে ৫০ সেনা নিহত হয়েছে। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী আত্তাউল্লাহ তারার এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই তথ্য জানিয়েছেন। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তানের হামলায় ১৫ জন বেসামরিক নাগরিকসহ মোট ১৬ জন নিহত হয়েছেন।
\r\nউল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। এর জবাবে গত মঙ্গলবার (৬ মে) রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
\r\nএর পর থেকে চলমান সংঘাতে হামলা ও পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সর্বশেষ শনিবার (১০ মে) সকালেও উভয় দেশ একে অপরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। সূত্র: দ্য হিন্দু





