রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকাকে উন্মুক্ত খেলার মাঠে রূপান্তরের দাবিতে বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয়েছেন জুলাই স্মৃতি পরিষদ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে তারা ধানমন্ডি ৩২-এ পৌঁছান।
জুলাই স্মৃতি পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে উন্মুক্ত খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি নিয়ে তারা একত্রিত হয়েছেন। তিনি জানান, জায়গাটি অতীতে ছাত্র-জনতার ওপর হামলার পরিকল্পনার কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছে বলেই সেখানে আর কোনো রাজনৈতিক শক্তির উপস্থিতি বরদাশত করা হবে না। নাহিদের দাবি, আন্দোলনকারীরা কোনো সরকারি সহায়তা পাননি এবং বুলডোজারগুলো ব্যক্তিগত টাকায় ভাড়া করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা স্বেচ্ছায় অপেক্ষা করছেন আদালতের রায়ের জন্য। রায় ঘোষণার পর তারা বুলডোজার নিয়ে অগ্রসর হবেন।
জুলাই যোদ্ধা সাব্বির বলেন, ধানমন্ডি ৩২ ছিল চক্রান্ত ও হামলার কেন্দ্রবিন্দু। “এ বাড়ি আর দেখা যাবে না,” মন্তব্য করে তিনি জানান, তারা জায়গাটিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত মাঠ বানাতে চান।
বুলডোজার বহরে থাকা শিক্ষার্থী হাবিবুর রহমান জানান, রাজধানীতে খেলার উপযোগী মাঠের সংকট তীব্র। তার দাবি, ধানমন্ডি ৩২ “ফ্যাসিবাদের প্রতীক” এবং এটিকে ভেঙে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত পার্ক প্রতিষ্ঠা করা উচিত।
এদিকে পুলিশ ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা বাড়িয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, রায় ঘোষণার পর “যেকোনো মুহূর্তে” তারা বুলডোজার চালাতে প্রস্তুত।





