মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মন্তব্য করেছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ভারতকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসতে হবে। রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ না করলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, “আমার বিশ্বাস, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে। তারা বলবে, আমরা ক্ষমা চাইছি, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।”

তিনি আরও বলেন, “ভারতের অবস্থান শুধু আস্ফালন। সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে দ্বন্দ্ব হয়তো ভালো লাগতে পারে, কিন্তু দিনশেষে নিজেদের স্বার্থেই ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে। যদি ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করে এবং ব্রিকসের সঙ্গে সম্পর্ক ধরে রাখে, তা তাদের পছন্দ। তবে যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে ৫০ শতাংশ শুল্কের প্রস্তুতি রাখতে হবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে মন্তব্য করে লিখেছেন, “মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর অন্ধকার চীনের কাছে হারিয়েছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।”

লুটনিকের এই মন্তব্য ট্রাম্পের কথার প্রেক্ষিতে আসে, যেখানে তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের বাজারে গুরুত্বপূর্ণ গ্রাহক হিসেবে চিহ্নিত করেছেন এবং বাণিজ্য সংক্রান্ত সতর্কতা জারি করেছেন।

সূত্র: ব্লুমবার্গ