শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মা আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, জুমার নামাজের পর তারা ওই স্থানে সমবেত হলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। পাশাপাশি কয়েকজন মারাত্মকভাবে আহত হন।
ইনকিলাব মঞ্চ এক বার্তায় জানিয়েছে, “জাবের ভাই গুলিবিদ্ধ, জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।”
জানা গেছে, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদির হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিলেন। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে।
আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে জানানো হয়েছে, “শতাধিক আহত এবং জাবের গুলিবিদ্ধ হয়েছেন।”
ইনকিলাব মঞ্চ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলেছে, “আপাতত কোনো জমায়েত করবেন না। চিকিৎসা নিয়ে পরে আবার রাজপথে আসব।”





