ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, ট্রাম্প এই সংঘাতে কার্যত ‘ঘি ঢালছেন’ এবং উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছেন।
\r\nচীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আজ মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “আগুন উসকে দেওয়া, ঘি ঢালা, হুমকি ও চাপ প্রয়োগ পরিস্থিতি স্বাভাবিক করতে পারে না। বরং এগুলো সংঘাতকে আরও বিস্তৃত এবং জটিল করে তোলে।”
\r\nএর আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তেহরানের বাসিন্দাদের ‘অবিলম্বে শহর ত্যাগের’ আহ্বান জানান, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
\r\nএদিকে, কানাডায় চলমান জি৭ সম্মেলন অসমাপ্ত রেখেই তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরে গেছেন ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছেন ট্রাম্প, এবং তিনি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে কাজ করতে ফিরেছেন।
\r\nতবে এই বক্তব্যকে ‘ভুল ব্যাখ্যা’ হিসেবে উড়িয়ে দেন ট্রাম্প নিজেই। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। আমি যুদ্ধবিরতির চেয়েও বড় কিছু নিয়ে আলোচনা করছি।”
\r\nএদিকে সিএনএন ও আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ইরানের সঙ্গে সম্ভাব্য সংলাপের অংশ হিসেবে ট্রাম্প তাঁর ভাইস প্রেসিডেন্ট এবং মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষ দূতকে আলোচনার উদ্দেশ্যে পাঠাতে পারেন।
\r\nবিশ্লেষকদের মতে, ট্রাম্পের জোরালো ও বিতর্কিত মন্তব্য, চীনের কড়া প্রতিক্রিয়া এবং আলোচনার সম্ভাব্য উদ্যোগ—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট নতুন এক কূটনৈতিক ধাপে প্রবেশ করতে চলেছে।





