বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে কেন্দ্র করে ঘুষ, ফ্ল্যাট এবং সরকারি পদ বণ্টনের অভিযোগ উঠেছে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

\r\n

রোববার (১৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (জনসংযোগ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, “বিষয়টি নিয়ে দুদকের গোয়েন্দা ইউনিট প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।”


\r\n

অভিযোগে বলা হয়েছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি আসলে সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীর নেতৃত্বে একটি দল লিখেছে। বিনিময়ে তারা নগদ অর্থ, সরকারি ফ্ল্যাট এবং পদোন্নতি পেয়েছেন।

\r\n

বিতর্কের কেন্দ্রে থাকা এই বইটি প্রথম প্রকাশিত হয় ২০১২ সালে, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার সময়। বইটিতে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের শুরুর দিক—মূলত ১৯৫৪ সাল পর্যন্ত—বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে। জানা গেছে, তিনি ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকাকালীন সময় এই আত্মজীবনী লেখেন।


\r\n

তবে সম্প্রতি দেশের একটি প্রভাবশালী গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নতুন করে প্রশ্ন তোলে। সেখানে দাবি করা হয়, বঙ্গবন্ধুর এই আত্মজীবনী মূলত পুলিশের একটি চক্র লিখেছে এবং এর পেছনে ছিল রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্য।


\r\n

বইটির প্রকাশনা এবং সম্পাদনায় সংশ্লিষ্ট ছিলেন দেশের খ্যাতিমান ইতিহাসবিদ, সাহিত্যিক ও সাংবাদিকদের একটি দল। সেই পটভূমিতে এ ধরনের বিতর্ক জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

\r\n

দুদক জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।