অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের কল্যাণে কাজ না করে অবৈধ আয়ে জড়িত থাকার অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বুধবার সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শহীদ মিনার চত্বরে কলেজ শাখা শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বই একটি দেশকে এগিয়ে নিতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে, তা জাতীয় নির্বাচনেও বজায় রাখার আহ্বান জানান তিনি। তার দাবি, বেকারত্ব কমানো ও কল্যাণরাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা জরুরি। অন্যান্য সংগঠন উত্তেজনাকেন্দ্রিক রাজনীতি করলেও শিবির শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, ব্যক্তিত্ব বিকাশ ও প্রযুক্তি-দক্ষতা অর্জনের পরামর্শ দেয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)-এর সেক্রেটারি জেনারেল ও বগুড়া-৪ আসনে জামায়াতের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, দেশে সম্পদের অভাব নেই, অভাব সৎ ও দক্ষ নেতৃত্বের। প্রশাসন দুর্নীতিমুক্ত করতে পারলে অল্প সময়েই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে রূপ নিতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, জামায়াতের বগুড়া শহর আমির ও বগুড়া-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শিবির শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকার এবং সেক্রেটারি শফিকুল ইসলাম।
নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের ক্যারিয়ার নির্দেশনা, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে বগুড়ার সাবেক এবং বর্তমান নেতারাও উপস্থিত ছিলেন।





