মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি নান্নু দর্জিকে ২০০ কেজি (৯ বস্তা) গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও এক সহযোগীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।


শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৯টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।


অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক এনামুলের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৯টি মামলা রয়েছে। অন্য পলাতকদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।


এই ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার নাঈমুল হাছানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে। অভিযানে আরও অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওসি আদিল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


প্রতিনিধি, মাদারীপুর