রাজধানীর উত্তরায় স্ত্রীর চাপ ও মানসিক অস্থিরতায় পাকিস্তানি এক নাগরিক আত্মহত্যার হুমকি দেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ও জরুরি সেবা কর্মীদের তৎপরতায় তাকে আত্মহত্যার মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং পরিবারের সঙ্গে মীমাংসা করানো হয়েছে।

জাতীয় জরুরি সেবা সূত্রে জানা গেছে, সোমবার রাত একটার দিকে উত্তরার ১৮ নং সেক্টর থেকে ফোন আসে। ওই ব্যক্তি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশের একটি রফতানিমুখী প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি চার বছর আগে বাংলাদেশি এক নারীকে বিয়ে করেছেন এবং তাদের দুই সন্তান আছে।

ফোনে তিনি জানান, স্ত্রীর অতিরিক্ত দাবি ও অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে এমন অভিযোগে তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বেতনের সিংহভাগ স্ত্রীর হাতে তুলে দেন, তবুও অতিরিক্ত চাপের কারণে হতাশা বেড়ে যায়।

৯৯৯-এর পরামর্শে তুরাগ থানার পুলিশ তার কাছে পৌঁছান। বন্ধু-বান্ধব ও শাশুড়ির উপস্থিতিতে স্বামী-স্ত্রীর মধ্যে আলোচনা ও মীমাংসা হয়। কেউ কাউকে অভিযোগ দিতে রাজি না হওয়ায় আইনী সহায়তার প্রয়োজন হলে থানায় লিখিত অভিযোগ দাখিল করার পরামর্শ দেওয়া হয়।