উত্তরা বিমান দুর্ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নেয়াজ ৯৭ দিন চিকিৎসার পর বাড়ি ফিরেছেন। তাকে মোট ৩৬ বার অপারেশন করতে হয়েছে।


আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। তিনি জানান, ২১ জুলাই নাভিদ গুরুতর দগ্ধ হন। দুর্ঘটনার দিন তাকে প্রথমে সিএমএইচে নেওয়া হয় এবং পরের দিন ৪৫ শতাংশ দগ্ধ দেহ নিয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে তিনি ২২ দিন আইসিইউ, ৩৫ দিন এইচডিইউ এবং ৪০ দিন আইসোলেটেড কেবিনে চিকিৎসাধীন ছিলেন।


এর আগে ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।