বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং আশপাশের এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞাটি আগামী শুক্রবার (৮ আগস্ট) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল, যা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিং-এর মধ্যবর্তী অংশকে অন্তর্ভুক্ত করে।

এই এলাকায় সভা-সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, মিছিল, শোভাযাত্রাসহ যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।