সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতা সৃষ্টির একটি ষড়যন্ত্র চালানো হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (৫ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা জানান, এই চক্রান্তের পেছনে কিছু ‘ফ্যাসিস্ট দোসর’ এবং ‘ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের’ মদত রয়েছে। তিনি উল্লেখ করেন, এটি পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টির চেষ্টা এবং পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সঙ্গে যুক্ত একটি ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পূজামণ্ডপ কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এই সাম্প্রদায়িক চক্রান্ত প্রতিহত করা সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৭৯৩টি মণ্ডপে এমন ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত চলছে। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করছে এবং তারা এ বিষয়ে সহযোগিতা করছেন।