মাইন উদ্দিন
বগুড়া জেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলার ৭৫টি ভোটকেন্দ্রে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের শরীরে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে শাজাহানপুর থানায় ৪৬টি বডি-ওয়ার্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরার কার্যক্রম সমন্বয়ের জন্য থানায় একটি কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। বর্তমানে ক্যামেরাগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
ইতোমধ্যে নির্বাচন দিবসে ব্যবহারের প্রস্তুতি হিসেবে গত কয়েক দিন ধরে পরীক্ষামূলকভাবে পুলিশ কর্মকর্তারা শরীরে ক্যামেরা সংযুক্ত করে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। একই সময়ে কন্ট্রোল রুম থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা লাইভ ভিডিও পর্যবেক্ষণ করছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত তথ্য জানাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। এ জন্য সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।





