মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা ও আকাশপথে নিরাপত্তা শঙ্কার কারণে বড় ধরনের চাপের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরিস্থিতির প্রেক্ষিতে কাতার ও দুবাইসহ ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।


যেসব রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো হলো— দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা এবং কুয়েত সিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।


বিমান জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এও। ফলে আন্তর্জাতিক রুটের ফ্লাইট সূচিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।


যুদ্ধাবস্থার প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়েছিল। সব মিলিয়ে কয়েক দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যগামী।


বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের উত্তেজনা না কমা পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।