গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন জায়গায় আগুন লেগে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে টঙ্গী মাঝুখান, কোনাবাড়ীর আমবাগ এবং কালিয়াকৈরের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার দিঘির পাড়ে এসব অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে টঙ্গীর মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। পরে তা পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি গুদামের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
এর কিছুক্ষণ পর কোনাবাড়ী আমবাগ পূর্ব পাড়ায় পলাশ মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। পুরো গুদাম পুড়ে গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড়ের একটি টিনশেড কলোনিতে আগুন ধরে। তখন বেশিরভাগ বাসিন্দা কর্মস্থলে চলে গিয়েছিলেন। একটি কক্ষ থেকে আগুন শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ৮০টি কক্ষই পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, সকালে তিন স্থানে আগুন লাগে এবং সবগুলোতেই ইউনিটগুলো কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কোনো ঘটনায় হতাহতের খবর নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।





