গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামী ৫ আগস্ট উপলক্ষে দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের হুমকি বা অস্থিতিশীলতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।”

বিশেষ অভিযান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যে বিশেষ অভিযান চালানো হচ্ছে, তা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সময় এ ধরনের অভিযান চালানো যায়।”

এ সময় রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”