৫০০ টাকার বাজি ধরতে গিয়ে খালের হিমশীতল পানিতে টানা ১০০ বার ডুব দিয়ে প্রাণ হারিয়েছেন বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া বাজার এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা ওই এলাকার মোল্লাবাড়ি নিবাসী আনসার মোল্লার ছেলে।


স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে আসেন। প্রচণ্ড শীতে ভারী কাজ করায় তার শরীর তখন উত্তপ্ত ছিল। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে তিনি ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা ১০০ বার ডুব দেওয়ার চ্যালেঞ্জ নেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাজি জেতার নেশায় তিনি খালি গায়ে খালে নামেন এবং নির্ধারিত ১০০টি ডুব সম্পন্ন করেন। চ্যালেঞ্জ চলাকালে তিনি ভিডিও ধারণ না করার অনুরোধও করেন। ডুব শেষ করে পাড়ে উঠেই তিনি অসুস্থ বোধ করেন এবং অচেতন হয়ে পড়েন।


পরে স্বজনরা তাকে কম্বল দিয়ে শরীর গরম করার চেষ্টা করেন এবং আগুনের তাপ ও তেল মালিশ দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



চিকিৎসকদের প্রাথমিক ধারণা, প্রচণ্ড শীতে হঠাৎ শরীরের তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন বা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।