র‌্যাব-৫ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানিয়েছে, বিপুল পরিমাণ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া নারীরা হলেন মোমেনা বেগম (৫০) ও ফাইমা (৩৫)। তাদের সঙ্গে ছিল এক শিশু।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকা থেকে তাদের ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশন ও একটি বাটন মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এই দুই নারীকে আটক করা হয়। গ্রেফতারকালে তাদের সঙ্গে ফাইমার চার মাসের মেয়েও উপস্থিত ছিল। উভয়ই জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩ ও জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।