আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্য বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।


মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনে নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করেছে। নির্বাচনকালীন সময়ে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখতে এটি সহায়ক হবে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।