জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শিশুস্বাস্থ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৭০ জন শিশু জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত পাঁচ শিশুকে বিশেষ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।


হাসপাতাল সূত্র বলছে, হঠাৎ করেই শিশুদের মধ্যে ডায়রিয়া ও হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশু বিভাগে চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ওয়ার্ড চালু করা হয়েছে এবং চিকিৎসকরা বাড়তি সতর্কতা নিয়ে চিকিৎসা দিচ্ছেন।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক ব্যবস্থাপনা রাখা হয়েছে। পাশাপাশি ডায়রিয়ার রোগীর সংখ্যা দ্রুত বাড়ায় চিকিৎসা ব্যবস্থাপনায় আরও সতর্কতা নেওয়া হয়েছে।


তিনি বলেন, তীব্র গরম ও নিরাপদ পানির সংকট ডায়রিয়া বৃদ্ধির অন্যতম কারণ। শিশুদের মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান তিনি।


একই সঙ্গে গুজবে কান না দিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন, প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা বজায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


এদিকে, অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়লেও স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।