আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের জন্য ভোট প্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার চারটি পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ব্যবস্থার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।


শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাররা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে যেতে হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।


এছাড়া হটলাইন নম্বর ১০৫-এ কল করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানাতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে।


এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।


এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ecs.gov.bd থেকেও ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে নির্বাচনি এলাকা ও উপজেলা বা থানা নির্বাচন করলে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান ও যাতায়াতের পথ দেখার সুবিধাও রয়েছে।